আগামি ৭২ ঘণ্টায় বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

বাংলাদেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বিদায়ের এই প্রক্রিয়ার মাঝেই ঢাকাসহ এর আশপাশের অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশে এখন মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল অবস্থায় রয়েছে।

সংস্থার ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আটটি বিভাগ–ঢাকা,চট্টগ্রাম,সিলেট,ময়মনসিংহ,রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালের দু-এক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার ৬ অক্টোবর সকালে প্রকাশিত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৬ ঘণ্টায় রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।

৬ অক্টোবর ২০২৬
এ জি