মুরাদনগরে কলেজ শিক্ষকের গলিত মর/দেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি গত তিন বছর ধরে স্থানীয় অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কলেজ শিক্ষকের মরদহে উদ্ধারের বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, “মরদেহটিতে পচন ধরে গেছে। অবস্থা দেখে ধারণা করা হচ্ছে প্রায় ৫ থেকে ৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। আমরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছি। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

তবে, স্থানীয় সূত্রে জানায়, গত ৫ মার্চ কলেজে শেষবার ক্লাস করেছিলেন শিক্ষক সাইফুল ইসলাম। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ ছিল না। ওই কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী জানান, সাইফুল ইসলাম প্রায়ই কাউকে কিছু না বলে মাঝেমধ্যে কলেজে অনুপস্থিত থাকতেন। গত রবিবার কয়েকজন শিক্ষার্থী তার বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা ফিরে যায়।

পরবর্তীতে ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে বন্ধ থাকা দরজার লক ভেঙে কক্ষের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৪ মার্চ ২০২৬