কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মা বাবা ভাই বোনকে হারানোর খবরটি শুরুতে জানতো না ১২ বছরের আবরার। সে জানতো- আহত হয়ে সবাই হাসপাতালে চিকিৎসাধীন। আবরার নিজেও তখন ছিলো হাসপাতালের বেডে। বৃহস্পতিবার রাতে যখন স্বজনরা ময়নামতি হাইওয়ে থানা থেকে পরিবারের সদস্যদের মরদেহ আনতে যায় তখন সে জানতে পারে যে, সড়ক দুর্ঘটনায় কেবল নিজেই বেঁচে গেছেন; আর পরিবারের সবাই প্রাণ হারিয়েছেন। এরপর থেকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আবরার।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকার ধুমড়ে-মুচড়ে গিয়ে প্রাণ হারান একই পরিবারের ৪ জনসহ ৫ জন। ওই দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন আবরার।
নিহতের স্বজনরা বলেন, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নানা বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে প্রাইভেটকারে বাবা-মা-ভাই-বোনের সঙ্গে ঢাকায় ফিরছিল আবরার। পথে প্রাইভেটকারে বাসের ধাক্কায় সবাইকে হারালেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছে আবরার। তার আরেকটি ভাই হুজাইফা (২৫) নানা বাড়িতে থাকায় সেও বেঁচে যায়। ঈদ উদযাপন শেষে ঢাকার মোহাম্মদপুরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদেরকে বহনকারী প্রাইভেট কারটি। আবরারের বাবা রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার মুফতি ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় বুড়িচং উপজেলার কালাকচুয়ার একটি হোটেলে খাবারের বিরতি শেষে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় ঢাকামুখী পথে প্রাইভেট কারটি সড়কে উঠার সময় চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ৫ জন নিহত হন। তারা হলেন- আবরারের বাবা মুফতি আব্দুল মোমিন (৫২), মা দিল আফরোজ আক্তার (৪৫), বোন লাবিবা (২১) এবং ছয় বছর বয়সী ভাই আরশাদ। তাদের বড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছাতারপাইয়া গ্রামে। এ সময় আরও প্রাণ হারান চালক জামাল হোসেন (৫০)। তিনি বরিশাল জেলার বাসিন্দা।
আবরারের মামা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমেদ বলেন, বেপরোয়া বাসের কারণে আমার বোনের পুরো পরিবারটি শেষ হয়ে গেল। সড়কে এমন মৃত্যু কারও কাম্য নয়। তিনি বাসচালক ও হেলপারের গ্রেপ্তার দাবি করেন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আবদুল মমিন বলেন, দুর্ঘটনার ভয়াবহতা দেখে আমাদেরকে ধারণা হয়েছিল হয়তো গাড়ির ভেতর থাকা সকলেই মারা গেছেন। তবে ভাগ্যক্রমে আবরার রক্ষা পেয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাসটিকে জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে যান। তাদের আটক করতে অভিযান চলছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২৭ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur