মালদ্বীপে ১০তলা ভবন থেকে পড়ে চাঁদপুরের প্রবাসী হানজালা মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালেতে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে চাঁদপুরের প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত মো. হানজালার (৩০) বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে, পিতার নাম আবদুল সামাদ। তিনি মালদ্বীপের একটি কোম্পানিতে রক্ষণাবেক্ষণ কর্মী হিসেবে কাজ করতেন।

শুক্রবার রাতে দেশটির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী মালের মাফান্নু ওয়ার্ডের সবধেলি মাগুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের আত্মীয় আরেক প্রবাসী মো. সেলিম ও মো. মাসুদ ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, হানজালা মাত্র ৮ মাস আগে জীবিকার খোঁজে মালদ্বীপে এসেছিলেন। প্রতিদিনের মতো ওইদিন সন্ধ্যায় তিনি ভবনের ছাদে গাছে পানি দিচ্ছিলেন। এ সময় গাছগুলোর সুরক্ষায় দড়ি বাঁধার কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ১০ তলা থেকে নিচে পড়ে যান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হানজালা পাশের একটি একতলা আবাসিক ভবনের টিনের চালের ওপর পড়েন। টিনের চাল ছিদ্র হয়ে তিনি ঘরের ভেতরে থাকা সোফার ওপর আছড়ে পড়েন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখানে দীর্ঘ সময় আইসিইউতে থাকার পর শুক্রবার রাতে তিনি মারা যান।

হাই কমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান বলেন, “রাতে আমরা হাসপাতালে গিয়ে আহত হানজালার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলাম এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম। চিকিৎসক তখন জানিয়েছিলেন তার অবস্থা আশঙ্কাজনক। পরে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের তার মৃত্যুর সংবাদ জানায়।”

মালদ্বীপের সংশ্লিষ্ট প্রশাসন এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

চাঁদপুর টাইমস ডেস্ক/
১৩ এপ্রিল ২০২৬