ব্যবসায়ী সিন্ডিকেট ও ধারাবাহিক দুর্নীতিতে সাধারণ মানুষ সর্বশান্ত : জাহাঙ্গীর হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি যুবনেতা,লেখক ও শিক্ষক নেতা কমরেড মো:জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে হাসপাতাল প্রাঙ্গনে ২ ফেব্রুয়ারি,সোমবার বিকাল সাড়ে চারটায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কাস্তে মার্কার কর্মী গফুর পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাস্তে মার্কার সংসদ সদস্য প্রার্থী কমরেড মো.জাহাঙ্গীর হোসন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড দিপালী রানী দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কৃষ্ণ মাঝি, কৃষক সংগ্রাম পরিষদের জেলা আহবায়ক রহিমা আক্তার কলি, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো.হেলাল উদ্দিন, জেলা যুব ইউনিয়নের অর্থ সম্পাদক কমল চন্দ্র দাস।

এ সময় সংসদ সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন,বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এ দেশকে কৃষিভিত্তিক কলকারখানায় উন্নীত করা যায় অতি দ্রুত সময়ে। বিগত সরকারগুলোর অনিয়ম-দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস। তাই কোটি কোটি মানুষ কর্মহীন। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল নয়। যারা ক্ষমতায় ছিলো তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল,মানুষের মুক্তির চিন্তা করার সময় কোথায়? ব্যবসায়ী সিন্ডিকেট ও ধারাবাহিক দুর্নীতিতে সাধারণ মানুষ সর্বশান্ত। তাই আসুন শোষণমুক্ত সমাজ গঠনে পরিবর্তন আনি।তাই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবার কাস্তে মার্কায় ভোট দিন।

৩ ফেব্রুয়ারি ২০২৬
এ জি