মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে ফরিদগঞ্জ থানা ফটকে মানববন্ধন
চাঁদপুরের ফরিদগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদকের বিস্তার, প্রকাশ্যে মাদকসেবীদের বিচরণ এবং তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সোমবার (৮ জুন) ফরিদগঞ্জ থানার সামনে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আতিক খান, রিমা আক্তার, শাহআলম খান, আব্দুল হাই মুন্সি ও মুক্তা বেগম। বক্তারা অভিযোগ করেন, একসময় শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ বালিথুবা পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকায় বর্তমানে উদ্বেগজনক হারে মাদকের বিস্তার ঘটছে। বিশেষ করে মদনেরগাঁও গ্রামের একটি পরিবার দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেন তারা।
বক্তাদের ভাষ্যমতে, সম্প্রতি ওই পরিবারের দুই সদস্য মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তারা অভিযোগ করেন, মাদক ব্যবসার প্রতিবাদ করলে স্থানীয়দের মারধর, হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে, ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। তারা অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের আরও সক্রিয় ও কঠোর ভূমিকা কামনা করেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৮ জুন ২০২৬