মাদক কারবারিদের ধরিয়ে দিলে পুরস্কার: ড. জালাল উদ্দিন এমপি

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মুহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেছেন, মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর স্পোর্টিং ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, ‘যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে হবে। যারা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন, তাদের উৎসাহিত ও পুরস্কৃত করা হবে। মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই মাঠকে একটি অত্যাধুনিক মানের মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে। এখান থেকেই জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে। এ অঞ্চলের তরুণরা খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে, সেই পরিবেশ তৈরি করতে হবে।’

খেলায় পৃষ্ঠপোষকতা করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোঃ আলমগীর সরকার।

ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আযহারুল হক মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডা. বশির আহম্মেদ খান। এ সময় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, আঃ মান্নান সাগর, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের সদস্য সচিব আরশাফুল আলম সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব, পৌর যুবদল নেতা নূর নবী মোল্লা, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ মতলব উত্তর স্পোর্টিং ক্লাবের আয়োজক সংগঠনের নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেগা ফাইনালে মুখোমুখি হয় মোল্লা ইমন ফুটবল একাদশ ও কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাব। জমজমাট এই খেলায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মোল্লা ইমন ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোল্লা ইমন ফুটবল একাদশ।

নিজস্ব প্রতিবেদক/
১৪ নভেম্বর ২০২৬