শাহরাস্তিতে তিন মাটি ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার দায়ে তিন মাটি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের সেতিনারায়ণপুরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের নির্দেশনায় শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয় এবং তিনজনকে মোট ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি বেকু (এক্সকাভেটর) মেশিনের ছয়টি ব্যাটারি জব্দ করা হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা আনসার সদস্যরা। উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৪ ফেব্রুয়ারি ২০২৬