Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব পৌরসভার গুদাম রক্ষককে মারধর-হুমকি, থানায় মামলা
পৌরসভার

মতলব পৌরসভার গুদাম রক্ষককে মারধর-হুমকি, থানায় মামলা

চাঁদপুরের মতলব পৌরসভার স্টোর কিপার (গুদাম রক্ষক) মোঃ কাউসার হোসেনকে দায়িত্ব পালনরত অবস্থায় তাকে মারধর করেছে বিল্লাল হোসেন প্রধান (৩৫) নামে এক যুবক।বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে পৌরসভা কার্যালয়ে এ ঘটনাটি ঘটে। বিল্লাল হোসেন পৌরসভার নবকলস গ্রামের মৃত রশিদ প্রধানের ছেলে। সে এলাকায় চোরা বিল্লাল নামে পরিচিত।

গুদাম রক্ষক কাউসার হোসেন বলেন, গত দুইদিন যাবৎ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম চলছিল। এতে পৌরসভা কার্যালয়ের সামনে শত শত মহিলা ও পুরুষের ভিড়। বুধবার বেলা এগারোটায় কয়েকটি লাইনে দাঁড়িয়ে বিভিন্ন ওয়ার্ডের লোকজনদেরকে ভিজিএফ এর চাল বিতরণ করার সময় একজন মহিলা চাল পাওয়ার পরও লাইনে দাঁড়িয়ে ছিল। তখন ওই মহিলাকে বলা হয় আপনি তো চাল পেয়েছেন, এখন চলে যান।তিনি তারপরও দাড়িয়ে থাকায় তার চালের ব্যাগটি নিয়ে অন্যত্র রেখে তাকে সরিয়ে দেয়া হয়।

কিছুক্ষণ পর ওই মহিলার ভাই বিল্লাল নিয়ে এসে আমাকে এবং পৌরসভার সকল কর্মকর্তাকে গালমন্দ করতে থাকে এবং একপর্যায়ে বিল্লাল উত্তেজিত হয়ে আমাকে কিল-ঘুষি মারতে থাকে।এসময় পৌর নির্বাহী সাইফুর রহমান স্যার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশা রায়সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিল্লাল আমাকে আঘাত করেই ক্ষান্ত হয়নি, সে পৌরসভার সবাইকে গালমন্দ করেছে এবং আমাদেরকে হুমকিও দিয়েছে। এদিকে আমি শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা সেবা নেই।

বিষয়টি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম স্যারকে অবহিত করি এবং থানায় বিল্লালের বিরুদ্ধে মামলা দায়ের করি।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন,বিষয়টি খুবই দুঃখজনক। যে ছেলেটি এ ঘটনা ঘটিয়েছে তার ব্যাপারে এলাকায় অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানার ওসিকে বলা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ হাসিবুর রহমান মানিক বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনার পরপরই তাকে গ্রেফতার করার জন্য পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল।সে পালিয়ে গেছে।তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১১ মার্চ ২০২৬