জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় ২ নং নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মোঃ ফারুক হাসান স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবুও সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে মাঠপর্যায়ে সক্রিয়তা, গণসংযোগ ও প্রস্তুতি শুরু করেছেন। এলাকাবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজ অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন।
স্থানীয়দের মতে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে তার এই তৎপরতা এলাকায় নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি করেছে।
মতলব দক্ষিণ উপজেলার এই ইউনিয়নে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ফারুক হাসান একজন পরিচিত মুখ। তিনি বর্তমানে চাঁদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ-এর সভাপতি এবং কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদ-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা তৈরিতে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয় মানুষের কাছে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।
নায়েরগাঁও ইউনিয়নের খারগপুর গ্রামের আব্দুল মতিনের সন্তান ফারুক হাসান ছোটবেলা থেকেই সামাজিক কর্মকাণ্ডে আগ্রহী ছিলেন। স্থানীয়দের মতে, তিনি তরুণ, উদ্যমী এবং এলাকার উন্নয়ন নিয়ে স্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে চলা একজন সম্ভাবনাময় নেতৃত্ব।
ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়, সমস্যা শোনা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করার মাধ্যমে তিনি নিজের পরিকল্পনা তুলে ধরছেন। তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে তরুণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফারুক হাসান যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চান, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউনিয়নকে মাদকমুক্ত করার লক্ষ্যে সামাজিক আন্দোলন ও সচেতনতা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়নে স্কুল-কলেজ পর্যায়ে বিশেষ উদ্যোগ ও সহযোগিতা, যুব সমাজকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা, রাস্তাঘাট, ড্রেনেজ ও অবকাঠামোগত উন্নয়ন, অসহায় ও দুস্থ মানুষের জন্য সামাজিক সহায়তা কার্যক্রম জোরদার করা, ইউনিয়ন পরিষেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল সেবা নিশ্চিত করা, নারীদের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ।
ফারুক হাসান তাঁর বক্তব্যে বলেন, আমি বিশ্বাস করি, একটি ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের মানসিকতা, শিক্ষা, সচেতনতা এবং সামাজিক মূল্যবোধের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। আমি চাই নায়েরগাঁও ২ নং ইউনিয়ন এমন একটি ইউনিয়ন হোক, যেখানে মাদক, সন্ত্রাস ও অন্যায় কার্যক্রমের কোনো স্থান থাকবে না। যুব সমাজকে যদি আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি, তাহলে তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে। আমি যুবকদের ক্রীড়া, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ নিতে চাই, যাতে তারা বেকারত্ব থেকে মুক্ত হয়ে নিজেরাই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে।
তিনি বলেন , প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মতবিনিময় সভা ও উন্মুক্ত আলোচনা চালু করব, যাতে জনগণের সমস্যার কথা সরাসরি শোনা যায় এবং দ্রুত সমাধান করা যায়। চেয়ারম্যান হিসেবে নয়, একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চাই। ডিজিটাল সেবা ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করে ইউনিয়ন পরিষদকে মানুষের আস্থার জায়গায় পরিণত করাই হবে আমার অন্যতম লক্ষ্য। যাতে মানুষ কোনো ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় সেবা পেতে পারে।
নারী, প্রবীণ, অসহায় ও প্রবাসী পরিবারগুলোর জন্য আলাদা সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে চাই। সমাজের প্রতিটি মানুষ যেন উন্নয়নের অংশীদার হয়, সেটিই হবে আমার অঙ্গীকার।”
তিনি দেশ-বিদেশে অবস্থানরত নায়েরগাঁওবাসীর দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন, যাতে ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণ করে একটি জনবান্ধব, স্বচ্ছ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন গড়ে তুলতে পারেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৩১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur