মতলব দক্ষিণে সন্তানকে পুলিশে দিলেন সাবেক কাউন্সিলর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক জনপ্রতিনিধির ছেলের লাগামহীন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের নিকট নিজের অবাদ্য সন্তানকে সোপর্দ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের ছোট ছেলে আশরাফুল (১৬) এলাকার একজন চোর চক্রের সদস্য। নলুয়া,দিঘলদী এবং আশপাশের কয়েকটি এলাকায় চুরি ও মাদকের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। চুরি ও মাদকের সঙ্গে আশরাফুল নানা অপরাধে জড়িয়ে পড়া নিয়ে পরিবার, এমনকি প্রতিবেশীরাও চরম আতঙ্কে ছিলেন। বাড়িতে বাবা-মায়ের কথাও সে শুনতো না।

গত বৃহস্পতিবার দক্ষিণ নলুয়া গ্রামের রবিউলের ছেলে নিরব অটোবাইক এর ব্যাটারী চুরির অভিযোগে আটক করে স্থানীয় এলাকাবাসী। এসময় তার কাছ থেকে অটোবাইকের ব্যাটারী এবং অন্যান্য,সরঞ্জামাদী উদ্ধার করা হয়। আটক হওয়া নিরবের দেয়া তথ্যে বেরিয়ে আসে এ চোর সিন্ডিকেটের সাথে কে কে জড়িত রয়েছে। সেখানে সাবেক কাউন্সিলর আহিজল মুন্সীর ছোট ছেলে আশরাফুল এবং একই এলাকার হান্নান মুন্সীর ছেলে সোহাগসহ আরো কয়েকজনের নাম। সাবেক কাউন্সিলর আহিজল মুন্সী তার রাজনৈতিক এবং সামাজিক অবস্থান ধরে রাখার জন্য নিজের ছেলেকে পুলিশের নিকট তুলে দেন।

সাবেক কাউন্সিলর আহিজল মুন্সী বলেন,আমার ছেলে বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়ে। বহুবার তাকে সাবধান করা হয়। পরিবারের কারো কথা সে কর্ণপাত না করে সমাজের দুষ্কৃতকারী চক্রের সাথে থেকে চুরিসহ নানা ধরনের অপরাধ করায় শুক্রবার দুপুরে আমি আমার ছেলেকে পুলিশের নিকট তুলে দেই। তিনি আরো বলেন, আমি যেভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজের ছেলেকে পুলিশে দিয়েছি,আপনারাও আপনাদের সন্তান যদি অপারাধী হয়ে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসুন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
২১ ফেব্রুয়ারি ২০২৬