মতলব দক্ষিণে কয়েল কারখানায় আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের মশার কয়েলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েল কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ২ টার দিকে উপজেলার নায়েরগাঁও বাজারে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মতলব ও গৌরীপুর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রায় চার ঘন্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে আগুনের হাত থেকে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে জনৈক পথচারী। ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। এলাকার লোকজন ছুটে এসে যে যার মতো পারছে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা আসে। প্রায় চার ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যেই কারখানাটি পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার মালিক মো. শাহজালাল বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে এসে দেখি সবকিছু শেষ হয়ে গেছে। আমি নি:স্ব হয়ে গেছি। তিনি দাবি করে আরও বলেন, মালামাল, মেশিন,মোটর,কারখানা সবকিছু মিলে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সহযোগিতার জন্য সরকারের কাছে জোড়ালো আবেদন জানিয়েছেন।

মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারনা করছি। কয়েলের পাউডার বানানো ৩ টি মেশিন,৪ টি মোটর,মজুদকৃত মালামাল, কারখানা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক /
২৭ ফেব্রুয়ারি ২০২৬