চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল ওরপে বায়ান্ন ভিসা রাসেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মতলব দক্ষিণ থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই এবং এএসআই কয়েকটি টীম গঠন করে সোমবার মধ্যে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে নবকলস গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল ওরপে বায়ান্ন ভিসা রাসেলকে (৩৩) এবং মধ্যম পিংড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মাদক কারবারী মোঃ শাহিদকে (২৮) বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া একই দিনে মুন্সীরহাট বাজার এলাকা থেকে কিশোর গ্যাং এর সদস্য মোঃ বোরহান (২৭), মোঃ বাইজিদ (১৬) এবং মোঃ ফাহিম হাওলাদার (১৭)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে কুখ্যাত মাদক ব্যবসায়ী বায়ান্ন ভিসা রাসেলকে ১ বছর এবং আটক অপর মাদক ব্যবসায়ী শাহীদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট কেএম ইশমাম।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এছাড়া খবর আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অপরাধী যে কেউ হউক কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধ নির্মুলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
=> মাহফুজ মল্লিক/২৮ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur