মতলব উত্তরে স্কুল ফিডিংয়ে ফের নিম্নমানের খাবার, শিক্ষার্থীদের ক্ষোভ
চাঁদপুরের মতলব উত্তরে স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা খাবারে আবারও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে।
বুধবার (৮ এপ্রিল) উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক।
পচা ডিম দেওয়ার বিষয়টি জানাজানির পর ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিদ্যালটির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার বুধবার বলে, মিড-ডে মিল দেওয়া হবে শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকের ডিমে এত দুর্গন্ধ ছিল যে, আমরা কেউ খেতে পারিনি। পচা খাবার খেয়ে অসুস্থ হলে তো পড়াশোনা করা সম্ভব না। আমরা চাই সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার দেওয়া হোক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান বলেন, আমার বিদ্যালয়ে ৩৫৪ শিক্ষার্থী রয়েছে। আজ প্রায় ২০০টি ডিম পচা পাওয়া গেছে। বাইরে থেকে ভালো মনে হলেও ভেতরে নষ্ট ছিল। শুরুতে ভালো মানের খাবার সরবরাহ করা হলেও এখন নিম্নমানের খাবার আসছে, যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
এই অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাস্তবায়নকারী সংস্থা ‘প্রত্যাশী’র মতলব উত্তর প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলম বলেন, এ ধরনের ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ডিম পরিবর্তন করে দেব। ভবিষ্যতে যাতে এমন না হয় সে বিষয়ে আমরা সতর্ক থাকব।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৯ মার্চ থেকে মতলব উত্তর উপজেলায় ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে চালু হওয়া এ কর্মসূচির আওতায় পাঁচ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহের কথা রয়েছে।
মতলব প্রতিনিধি/
৯ এপ্রিল ২০২৬