মতলবে ১০ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মিয়াজী বাড়িতে। মা–ছেলের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মৃত দুধ মিয়া মিয়াজীর স্ত্রী গোল বাহার (১০৫) ইন্তেকাল করেন। তার জানাজা নামাজের সময় নির্ধারণ করা হয় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর।
কিন্তু যোহরের আজানের আগেই নিজ বাড়িতে মৃত্যুকোলে ঢলে পড়েন তার ছেলে লনী মিয়া মিয়াজী (৬০)। রাতে মায়ের মৃত্যু এবং দিনে ছেলের মৃত্যুর খবরে এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, গোল বাহার গত ১৭ জানুয়ারি পা পিছলে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গুরুতর আহত হন। এরপর থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। অন্যদিকে তার ছেলে লনী মিয়া মিয়াজী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর কয়েক দিন আগেও তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও চিকিৎসকরা উন্নত চিকিৎসার প্রয়োজন না থাকায় তাকে বাড়িতে পাঠিয়ে দেন।
স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, বৃহস্পতিবার বাদ যোহর সিপাইকান্দি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে গোল বাহারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে একই দিন বাদ মাগরিব একই স্থানে তার ছেলে লনী মিয়া মিয়াজীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং তাকেও মায়ের পাশে দাফন করা হয়। তিনি বলেন, “এমন হৃদয়বিদারক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
৬ ফেব্রুয়ারি ২০২৬