মতলবে সড়ক দুর্ঘটনায় আহত রিক্সাচালক একদিন পর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইপাস সড়কে দূর্ঘটনায় আহত রিক্সা চালক নুরে আলম বেপারী চিকিৎসাধীন অবস্থায় একদিন পর মারা গেছে।সে ঢাকিরগাঁও গ্রামের মৃত শামছু বেপারীর ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে,নুরে আলম বেপারী বুধবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় কাজলী সিনেমা হলের মোড় থেকে তার রিক্সায় করে এক যাত্রী নিয়ে দিঘলদী মাস্টার বাজারের উদ্দেশ্য রওয়ানা হলে বাইপাস সড়কের চৌরাস্তা এলাকায় যাওয়ার পর পিছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে যাত্রীসহ নুরে আলম বেপারীর রিক্সাটি রাস্তার পাশে গর্তে পড়ে যায়।সাথে সাথে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তার অবস্থা বেগতিক হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

নুরে আলম বেপারীর ভাতীজা রাকিব বলেন, ওইদিন রাতে চাঁদপুর থেকে বাড়ীতে নিয়ে আসে এবং পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গতকাল বিকেলে ঢাকিরগাঁও তার এলাকায় নামাজে জানাজা শেষে পারি বাক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে আরো জানা গেছে, নুরে আলম বেপারীর দুটি ছেলে প্রতিবন্ধী। রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো নুরে আলম বেপারী। খবর পেয়ে গতকসল বিকেলে তার বাড়ীতে ছুটে যায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। এসময় তিনি তার পরিবারের খোঁজ খবর নেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১৭ জুলাই ২০২৬