মতলবে ‘সোলেমান লেংটার’ মেলা বন্ধ ঘোষণা
চাঁদপুরের মতলব উত্তর সাদুল্লাপুর ইউনিয়নে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হলো।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিং করে এ ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। এ সময় তিনি উপস্থিত ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের দ্রুত শান্তিপূর্ণভাবে মেলা এলাকা ত্যাগ করার আহ্বান জানান।
আরও পড়ুন>>>
‘লেংটার মেলায়’ শতাধিক গাঁজার দোকান, জুয়া ও অশ্লীলতা নিয়ন্ত্রণহীন
মতলবে লেংটার মাজারে খাদেমকে কু/পি/য়ে জখম
প্রশাসনের অনুমতি ছাড়াই শুরু হলো মতলবে ‘সোলেমান লেংটার মেলা’
পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল বলেন, ১ এপ্রিল মাগরিবের পর থেকে মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। আপনারা দূর-দূরান্ত থেকে যারা এখানে এসেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা করে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং শেষ পর্যন্ত মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়। মেলা বন্ধ ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতেই প্রশাসনের এ সিদ্ধান্ত সময়োপযোগী। তবে ভবিষ্যতে এমন বড় আয়োজনের ক্ষেত্রে আগাম পরিকল্পনা ও কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মতলব উত্তর উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা এনামুল হক জানান, ‘ইসলামে মাদক, নারী-পুরুষের বেহালাপনা-অশ্লীলতা ইসলাম ধর্ম সমর্থন করে না। ধর্মীয় মূল্যবোধ থেকে ইসলাম পরিপন্থী কার্যক্রম পরিহার করা উচিত।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘মতলবের সোলেমান লেংটার মেলা অনেক বড় মেলা। জেলা প্রশাসন থেকে মেলার অনুমোদন দেওয়া হয়নি। তাই আগামীকাল থেকে মেলা বন্ধ হবে। আজ সন্ধ্যা এ ঘোষণা করা হয়।’
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরস ও মেলার প্রথম দিনে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েকজন জুয়াড়ির মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
স্টাফ করেসপন্ডেট/
২ এপ্রিল ২০২৬