চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রয়াত নেছার উদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় । উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
বক্তব্যের শুরুতেই তিনি এ মহতী উদ্যোগের জন্য সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানানো হয়। শিক্ষকের প্রতি শিক্ষকের আন্তরিকতা ও ভালবাসা দেখে তিনি প্রশংসা করেন। তিনি আরো বলেন,আপনারা হচ্ছে জাতি ও মানুষ গড়ার কারিগর। আপনাদের কাছ থেকে এ প্রজন্ম অনেক কিছু শেখার ও জানার রয়েছে। আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা সাথে দায়িত্ব পালন করবেন। আপনাদের যেকোনো সমস্যা সমাধানের জন্য আমি আছি এবং থাকবো। মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জাভেদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার।
এছাড়া আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খান, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোজাহের হোসেন, কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র সরকার প্রমুখ। আলোচনা শেষে মতলব দক্ষিণ উপজেলার সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের মাধ্যমে কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রয়াত নেছার উদ্দিনের পরিবারের (স্ত্রী) হাতে তুলে দেন।
এসময় উপজেলার সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৪ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur