মতলবে লঞ্চের নিচে ট্রলার, শ্রমিকের পা ভেঙে গুরুতর আহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ লঞ্চঘাট এলাকায় একটি দুর্ঘটনায় মোসলেম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, আমিরাবাদ লঞ্চঘাটে একটি টলার থেকে ‘গ্রীন ওয়াটার’ নামের লঞ্চে আম ওঠানোর সময় অসাবধানতাবশত টলারটি লঞ্চের নিচে চলে যায়। এতে টলারে থাকা শ্রমিক মোসলেম চাপা পড়ে গুরুতর আহত হন।


দুর্ঘটনায় তার বাম পা ভেঙে ওপেন ফ্র্যাকচার হয় এবং দুই পায়েই মারাত্মক আঘাত লাগে।


আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


আহত মোসলেম মতলব উত্তর উপজেলার মনোহর খাদি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাসেম।


স্থানীয়রা জানান, লঞ্চঘাটে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, যা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/

১৩ এপ্রিল ২০২৬