চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ছয় দিন পর খাদেরগাও ইউনিয়নের তেলী মাছুয়াখাল গ্রামের এক বিয়ে বাড়ী থেকে পালিয়ে যাওয়া হিন্দু -মুসলিম প্রেমিক যুগলকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলো তেলিমাছুয়াখাল গ্রামের চারু মিয়া খন্দকারের মেয়ে সুমাইয়া আক্তার ইতি (১৭ এবং নারায়ণপুর গ্রামের গণেশ চন্দ্র দেবনাথের ছেলে শুভ দেবনাথ (২২)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুভ দেবনাথ এবং সুমাইয়া আক্তার ইতির সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মেয়ের পরিবারের মধ্যে জানাজানি হয়ে গেলে তাকে বিয়ে দেয়ার জন্য পাত্র খোজতে থাকে।
সুমাইয়া আক্তার ইতির মা জোসনা বেগম বলেন,ইতালি প্রবাসী এক ছেলের সাথে তার মেয়ের বিয়ের কথাবার্তা প্রায় চুড়ান্ত এবং শুক্রবার (২১ আগস্ট) বর পক্ষের মেহমান আসার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে বসে কথাবার্তা চলছিল শুক্রবার মেহমান আসবে সে বিষয়ে। কিছুক্ষণ পর তার মেয়েকে ঘরে দেখতে না পেয়ে খুজতে থাকে। বিভিন্ন মাধ্যমে জানতে পারে তার মেয়েকে শুভ দেবনাথ নামক এক ছেলে নিয়ে গেছে।
সারা রাতে বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে শুক্রবার মতলব দক্ষিণ থানায় গিয়ে তার মেয়েকে খুঁজে পাচ্ছেনা বলে অবহিত করেন এবং ওই ছেলে নিয়ে গেছে বলেও জানান।পরে তিনি ওই দিনেই থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। ঘটনার ৬ দিন অতিবাহিত হওয়ার পর তার মেয়ের কোনো সন্ধান না পাওয়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পরেন।
উপায়ন্তর না পেয়ে ২৫ আগস্ট তিনি ( মেয়ের মা) বাদী হয়ে শুভ দেবনাথকে প্রধান করে আরো কয়েকজনের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পরদিন ২৬ আগস্ট ভোর পোনে ৬ টায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের দিক নির্দেশনায় সাব ইন্সপেক্টর ইমতিয়াজ কবিরের নেতৃত্বে পুলিশের আভিযানিক টীম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকা থেকে ভিকটিম সুমাইয়া আক্তার ইতিকে উদ্ধার এবং আসামী শুভ দেবনাথকে গ্রেফতার করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, আসামী এবং ভিকটিমের অবস্থান সনাক্ত ও উদ্ধারের লক্ষ্যে তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নারী-পুলিশসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন এলাকা বায়েক ইউনিয়ন পরিষদের বাড়িখোলা গ্রাম থেকে আসামী শুভ দেবনাথকে গ্রেফতার এবং তার সাথে থাকা সুমাইয়া আক্তার ইতিকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে যথাযথ নিরাপত্তার মাধ্যমে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে মামলার বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৭ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur