মতলবে বহরী মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন
মতলব দক্ষিণ উপজেলার মধ্য বহরী যুব সমাজকল্যাণ সামাজিক সংগঠন আয়োজিত মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ মার্চ) বিকেলে মধ্য বহরী সুজনের দোকান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর।
বক্তব্য তিনি বলেন, সমাজ থেকে মাদক ও অপরাধ কর্মকান্ড প্রতিহত করতে হলে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ হলে মেধা বিকশিত হয় এবং কোন অপরাধ তাকে গ্রাস করতে পারেনা।
তিনি আরো বলেন, মাদকের নীল দংশন থেকে বাঁচতে হলে সবার প্রথমে নিজেকে সচেতন হতে হবে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন এখান থেকে যাওয়ার পর আপনারা মাদকের বিরুদ্ধে এম্বাসেডর হিসেবে কাজ করবেন, মাদকের কুফলতা সম্পর্কে শিক্ষার্থীদের জানাবেন তাদের সচেতন করবেন। স্কুল কলেজ পাড়া মহল্লায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচার প্রচারনা বাড়াতে হবে। উপাদী ইউনিয়ন নয়,সমগ্র উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদক গ্রহীতা মাদক বিক্রেতা ও মাদকসেবীদের কোনো তথ্য থাকলে আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
প্রবাসী মানিক মৃধার সভাপতিত্বে ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জাফর গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজি, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল প্রধানীয়া। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মুকবুল হোসেন প্রমুখ। পরে বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৮ মার্চ ২০২৬