মতলবে প্রবাসীর বাড়িতে গৃহবধূকে বেঁধে রেখে শাশুড়িকে হ/ত্যা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৃদ্ধাকে শাঁস রুদ্ধ করে হত্যা ও পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাঁপানিয়া গ্রামে।
স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাঁপানিয়া গ্রামের মৃত লনু প্রধানের ঘরে তার স্ত্রী পারুল বেগম(৭০), ছেলে ইটালী প্রবাসী নূরুল ইসলাম প্রধানের স্ত্রী মনি আক্তার (২৬) ও ৪ বছরের জমজ সন্তান মারিয়াম ও মাহাদি বসবাস করে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে পল্লিবিদ্যুতের বিলের কাগজ দিতে এসে পারুল বেগমের লাশ দেখে আশেপাশের লোকজনদের জানায়। পরে লোকজন এসে পুত্র মনি আক্তারকে হাত-পা বাঁধা অস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি আসে।
আহত মনিরা বেগম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে এশার নামাজ পড়া অবস্থায় কয়েকজন ডাকাতদল ঘরে প্রবেশ করে আমার শাশুড়ীকে মারধর করে এবং আমাকে হাত-পা বেঁধে রাখে মুখে কাপড় দিয়ে রাখে এবং আমার শাশুড়ীকে শাসরুদ্ধ করে হত্যা করে। পরে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে পুরুষশূন্য ওই বাড়িতে শাশুড়িরে সঙ্গে থাকতেন হালিমা আক্তার। গত শুক্রবার রাতে ওই বাড়িতে প্রবেশ করেন কয়েকজন ডাকাত। এসময় তারা পারুলকে হত্যার পর হালিমাকে বেঁধে রেখে ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় নেতা মিয়া মনজুর আমিন স্বপন দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি পরিকল্পিত ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত অপরাধ—তা খতিয়ে দেখছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল জাবীর হোসনাইন সানিব বলেন, খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জসহ অন্যান ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিদর্শন করি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। পরে পিবিআই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
মতলব উত্তর প্রতিনিধি/
২৮ ফেব্রুয়ারি ২০২৬