ভাষা শহীদদের প্রতি চাঁদপুর প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে জেলা প্রশাসন চাঁদপুর-এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপরই পুষ্পস্তবক অর্পণ করে জেলা পুলিশ, নৌ পুলিশ, পিবিআই, আনসার ও ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, সিভিল সার্জন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল, জেলা পরিষদ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, প্রেসক্লাব, চাঁদপুর রোটারী ক্লাব, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, সনাক-টিআইবি, জেলা কারাগার, জাতীয়তাবাদী দল-বিএনপি, এনসিপি, গণফোরাম, আনন্দ ধ্বনিসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়। নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্যে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।
স্টাফ করেসপন্ডেট/
২১ ফেব্রুয়ারি ২০২৬