শীতের শেষে হঠাৎ আবহাওয়া পরিবর্তনের প্রভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শিশু রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে সহস্রাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় তিন গুণেরও বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
শয্যাসংকটের কারণে ওয়ার্ডের পাশাপাশি করিডোর, বারান্দা এমনকি মেঝেতেও শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেক শিশু রোগীকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশু ওয়ার্ডে ৫৬টি শয্যার বিপরীতে ১৩৭ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৭০ শিশু। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন।
ভর্তিকৃত শিশুদের অধিকাংশই নিউমোনিয়া, ঠান্ডাজনিত জ্বর, সর্দি-কাশিসহ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত বলে জানা গেছে।
চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক থাকার এবং আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
১৭ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur