চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ২০২৫ সালের ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চলতি বছরের ফলাফলে প্রতিষ্ঠানটির মোট ৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বার্তা বয়ে এনেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২ জন এবং সাধারণ গ্রেডে ৪ জন শিক্ষার্থী স্থান করে নিয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন— সাকিন বিনতে ফারুক সুবাহ ও ইশরাত জাহান জেবা। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে মনোয়ার মাহমুদ, মাকসুদা খাতুন, তানজিম আহমেদ আলভী এবং মোহাম্মদ কাজী।
বৃত্তি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, শিক্ষার্থীদের এ সাফল্য প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাবো।
স্থানীয় শিক্ষাঙ্গনে এ সাফল্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিভাবক ও এলাকাবাসী মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার মান যাচাই ও মেধা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। এবারের ফলাফলে বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাফল্য প্রমাণ করে, প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে শিক্ষার মান উন্নয়নে সচেষ্ট।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
২৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur