বিশ্বকাপ ইতিহাসে প্রথম, র্যাংকিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথম এক অনন্য রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলবিশ্ব।
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার পরাশক্তি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।
ফুটবল ইতিহাসের কোনো বিশ্বকাপে র্যাংকিংয়ের সেরা চার দলের একসঙ্গে সেমিফাইনালে খেলার কীর্তি এটাই প্রথম।
গত ১১ জুন ফিফা কর্তৃক প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল।
তালিকায় তাদের পরেই ছিল যথাক্রমে স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড। তবে বিশ্বকাপ চলাকালীন ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে এই লাইভ র্যাংকিংয়ে কিছুটা রদবদল এসেছে।
বর্তমান লাইভ র্যাংকিং অনুযায়ী, ফ্রান্স শীর্ষে উঠে এসেছে এবং তাদের পেছনে রয়েছে আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। ক্রমানুসারে পরিবর্তন এলেও, শীর্ষ চার দলের অবস্থান অপরিবর্তিতই রয়েছে।
কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৪ জুলাই রাত ১টায় ফরাসিদের প্রতিপক্ষ স্পেন, যারা কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে বিদায় করেছে।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা ইংলিশদের বিপক্ষে আলবিসেলেস্তেরা মাঠে নামবে আগামী ১৫ জুলাই রাত ১টায়।
সেমিফাইনালের হাইভোল্টেজ এই দুই ম্যাচের জয়ী দল আগামী ১৯ জুলাই রাত ১টায় বিশ্বজয়ের চূড়ান্ত মহারণ তথা মেগা ফাইনালে মুখোমুখি হবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
১২ জুলাই ২০২৬