বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল

চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি এস. এ. এম. মিজানুর রহমান খান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে জেলার অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আব্দুস শুক্কুর মস্তান, প্রতিষ্ঠাতা সদস্য এস. এম. জাহাঙ্গীর, স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিক, এপেক্স চাঁদপুর-এর সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী, আল-আমিন গুনরাজদী শাখার ইনচার্জ মো. নাছির উদ্দিন ও সুলতান মাহমুদ প্রমুখ।

বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এ মাসে মানবতার সেবা ও সহমর্মিতার চর্চার মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়। সমাজের বিত্তবানদের উচিত গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, যাতে সবাই সমানভাবে রমজানের বরকত উপভোগ করতে পারে।

তারা আরও বলেন, রমজান আমাদের ধৈর্য, সংযম, দানশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। দান-সদকা, যাকাত ও ফিতরা প্রদানের মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁন্দ্রা নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী।

ইফতার মাহফিলে সংস্থার নির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও আজীবন সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব
২৮ ফেব্রুয়ারি ২০২৬