Home / চাঁদপুর / বিজয়ীর উদ্যোগে চিকিৎসা পেলেন দুশতাধিক অসহায় মানুষ

বিজয়ীর উদ্যোগে চিকিৎসা পেলেন দুশতাধিক অসহায় মানুষ

সামাজিক সংগঠন বিজয়ী–এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্র–এর ব্যবস্থাপনায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) চাঁদপুর পৌর এলাকার পুরানবাজারে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন ডা. মেহেদী হাসান শুভ, মেডিকেল অফিসার ও আয়-ব্যয় কর্মকর্তা, চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, সংগঠনের স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, সুমন বেপারী, ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজক তানিয়া ইশতিয়াক খান বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। সেই বিশ্বাস থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, চক্ষু চিকিৎসা, দরিদ্র রোগীদের মাঝে চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের ব্যবস্থা—এসব কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

গত ছয় বছর ধরে ধারাবাহিকভাবে এ ধরনের সেবামূলক কাজ পরিচালনা করে আসছেন উল্লেখ করে তিনি বলেন, “মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ভবিষ্যতেও আমরা এই মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে অব্যাহত রাখতে চাই। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,

৯ এপ্রিল ২০২৬