Home / চাঁদপুর / বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার পল্টুন সংকটে ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত, দুর্ঘটনার ঝুঁকি

বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার পল্টুন সংকটে ব্যবসা-বাণিজ্যে ব্যাঘাত, দুর্ঘটনার ঝুঁকি

চাঁদপুরের পুরানবাজারের ভূঁইয়ার ঘাটে দীর্ঘদিন ধরে পল্টুন সংকটের কারণে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটছে। পর্যাপ্ত পল্টুন না থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে মালামাল লোড-আনলোড করতে হচ্ছে শ্রমিকদের, ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র পুরানবাজারের মেঘনা ও ডাকাতিয়া নদীসংলগ্ন ভূঁইয়ার ঘাট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানিকৃত পণ্য ওঠানামা করে। কিন্তু বর্তমানে সেখানে মাত্র একটি পল্টুন থাকায়, বিশেষ করে শুকনো মৌসুমে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এতে ব্যবসায়ী ও শ্রমিকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, ২০১৭ সালের মে মাসে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালকের কাছে দেওয়ানঘাট, ১নং ঘাট এবং জনতা মিল সংলগ্ন নতুন রাস্তার মাথায় তিনটি পল্টুন স্থাপনের জন্য আবেদন করা হয়েছিল। সে সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, পল্টুনের অভাবে শ্রমিকরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে কাজ করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। জনস্বার্থে দ্রুত নতুন পল্টুন স্থাপন জরুরি।

চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল আলম পাটওয়ারী বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও শ্রমিকরা এ বিষয়ে দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

জনতা লবণ মিলসের মালিক আবুল কালাম আজাদ বলেন, ভূঁইয়ার ঘাটের পল্টুনটি পুরানবাজারের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়েই অধিকাংশ পণ্য লোড-আনলোড হয়, তাই দ্রুত নতুন পল্টুন স্থাপন করা প্রয়োজন।

এ বিষয়ে বন্দর কর্মকর্তা কামরুজ্জামান জানান, বিষয়টি তিনি নতুনভাবে অবগত হয়েছেন। তিনি শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং সেখানে জেটি স্থাপনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে পুরানবাজারের বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে।

– মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ২২ এপ্রিল ২০২৬