বদর দিবস উপলক্ষে ফরিদগঞ্জের সন্তোষপুরে দোয়া ও আলোচনা

পবিত্র ১৭ই রমজান, ঐতিহাসিক বদর যুদ্ধ দিবস উপলক্ষে ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৭ মার্চ) দরবার শরীফের নেছার মঞ্জিলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরাম বদর দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, বদরের ইতিহাস কেবল একটি যুদ্ধের বর্ণনা নয়; এটি ঈমান, ত্যাগ, ধৈর্য এবং মহান আল্লাহর ওপর অটল আস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিকূল পরিস্থিতিতেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে বিজয় অনিবার্য—বদর দিবস মুসলিম উম্মাহকে সেই অনুপ্রেরণাই জোগায়।

তারা আরও বলেন, বদরের শিক্ষা হলো-বিজয় কখনও সংখ্যাধিক্য বা বাহ্যিক শক্তির ওপর নির্ভরশীল নয়; বরং দৃঢ় ঈমান, ধৈর্য, আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাসই মুমিনের প্রকৃত শক্তি। বদরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সন্তোষপুর দরবার শরীফের পীর আল্লামা শাহ আব্দুল করিম বিন মোহাম্মদ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান,
৮ মার্চ ২০২৬