ফেরি-বাল্কহেডের সংঘর্ষে ১১ বছরের শিশু নিহত

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের জরুরি ভিত্তিতে স্পিডবোটে করে চাঁদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘কাকলি’ নামের ফেরিটি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে ফেরিটি শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড সেটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় ১১ বছর বয়সি ওই শিশুটি ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে আরও দুজন আহত হন।

এদিকে দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যান চালক। বাল্কহেড ও এর সুকানিকে শনাক্ত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে নৌ পুলিশ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ সময় এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

চাঁদপুর টাইমস ডেস্ক/
১৩ নভেম্বর ২০২৬