হাইমচরে ৫ ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা
হাইমচর উপজেলার সদর আলগীবাজারে মোবাইলকোর্ট পরিচালনা করে পাঁচটি ফার্মেসি ও একটি দোকানিকে মোট ৫৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫৫ হাজার টাকা এবং রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) আলগীবাজারে এ মোবাইলকোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
অভিযানকালে আলগীবাজারের বিভিন্ন ফার্মেসিতে ওষুধের মজুত, মেয়াদ, অনুমোদন, লাইসেন্স ও বিক্রয়সংক্রান্ত বিষয় পরিদর্শন করা হয়। এ সময় ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নিয়মবহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিক বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসিব মেডিসিন কর্নার, রাখী মেডিকেল হল, লাজ ফার্মেসি, পলাশ মেডিকেল এবং পপুলার এগ্রো অ্যান্ড পোল্ট্রি ফিডকে সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে পলাশ মেডিকেল হলের স্বত্বাধিকারী সুমন দেবনাথকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি প্রতিষ্ঠানগুলোর জরিমানার পৃথক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এ ছাড়া আলগীবাজারে রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইলকোর্ট পরিচালনাকালে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি প্রসিকিউশন দাখিল করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মচারী এবং হাইমচর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
অভিযানকালে ফার্মেসি মালিকদের মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রি না করা এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ওষুধ বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৬ অক্টোবর ২০২৬