ফরিদগঞ্জ সড়কে যৌথবাহিনীর তল্লাশি অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদগঞ্জে সড়কে যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শতাধিক যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০টি গাড়ির বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয় এবং প্রায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক, সাব-ইন্সপেক্টর মোশাররফ হোসেনসহ স্থানীয় পুলিশ ও ফরিদগঞ্জে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

অভিযান সম্পর্কে ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে যাতে কোনো দুষ্কৃতকারী অবৈধ অস্ত্র বা সন্দেহজনক সামগ্রী নিয়ে চলাচল করতে না পারে, সে লক্ষ্যেই সড়কে কঠোর তল্লাশি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: শিমুল হাছান,
৭ ফেব্রুয়ারি ২০২৬