বিদ্রোহী প্রার্থী ইস্যুতে সাংগঠনিক সংকটে ফরিদগঞ্জ বিএনপি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিদ্রোহী প্রার্থীকে কেন্দ্র করে সাংগঠনিক সংকটে পড়েছে বিএনপি। বিদ্রোহী প্রার্থীর পক্ষে তৃণমূলের উল্লেখযোগ্য অংশ কাজ করায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা ও পৌর যুবদলের কমিটি। একই সঙ্গে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। ফলে কাগজে-কলমে ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃত্ব প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

জানা গেছে, চাঁদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক মো. হারুনুর রশীদ।

অপরদিকে, উপজেলা বিএনপির সর্বশেষ (বর্তমানে কার্যক্রম স্থগিত) কমিটির আহ্বায়ক মো. আব্দুল হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিংড়ি প্রতীকে নির্বাচন করছেন। উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ নেতাকর্মী তার পক্ষে কাজ করায় গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

এদিকে, ২১ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে চিংড়ি প্রতীকের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আব্দুল হান্নানকে দল থেকে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এছাড়া ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. আবুল কালাম আজাদ, মো. মঞ্জিল হোসেন পাটওয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আমানত গাজী এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ খানকে বহিষ্কার করা হয়।

একই দিনে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর ও সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওনকে বহিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান পাটওয়ারী, মো. আহসান হাবীব ও মো. জাকির হোসেন শেখকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক বহিষ্কার ও সাংগঠনিক স্থবিরতায় ফরিদগঞ্জে বিএনপি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তৃণমূলের মনোভাব যথাযথভাবে মূল্যায়নে কেন্দ্রীয় নেতৃত্ব ব্যর্থ হয়েছে বলেও কেউ কেউ মন্তব্য করছেন। তাদের আশঙ্কা, এর প্রভাব নির্বাচনী ফলাফলেও পড়তে পারে।

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতীক একটাই—ধানের শীষ। যারা দলীয় পদ-পদবি নিয়ে এখন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন, তারা মূলত ব্যক্তির রাজনীতি করছেন; বিএনপির আদর্শের রাজনীতি করছেন না।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি দল, প্রতীকও একটাই। যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন, তাদের বিষয়ে দলীয় অবস্থান স্পষ্ট।”

উল্লেখ্য, ধানের শীষ প্রতীক না পেয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এম. এ. হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিংড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তার পক্ষে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে কাজ করতে দেখা গেছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
৫ ফেব্রুয়ারি ২০২৬