ফরিদগঞ্জে ১১২০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ, একজনের কারাদণ্ড
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে প্রশাসন। একই দিনে পৃথক আরেক অভিযানে মাদকসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ) ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
জানা গেছে, উপজেলার ৫ নম্বর গুপ্টি পূর্ব ইউনিয়নের লক্ষীপুর গ্রাম এবং একই ইউনিয়নের ঘনিয়া গ্রামের পাঠান বাড়ি সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়।
এসব অভিযানে মোট ১ হাজার ১২০ পিস ইয়াবা, নগদ ১৮ হাজার ২২৫ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
একই দিনে শ্রীকালিয়া বাইদ্যা বাড়ি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ পিস ইয়াবা ও ২ গ্রাম গাঁজাসহ নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৯ এপ্রিল ২০২৬