ফরিদগঞ্জে হামলার শিকার হয়ে বিচারহীনতার আশঙ্কায় গৃহবধূর সংবাদ সম্মেলন
চাঁদপুরের ফরিদগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে শ্লীলতাহানি, মারধর এবং তার স্বামীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও সুষ্ঠু বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে তারা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রোববার (৩১ মে) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ মোছা. সুমি আক্তার (৩৫) এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত শনিবার (৩০ মে) সকালে উপজেলার ভাটিয়ালপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে তার স্বামী মো. জাকির হোসেনের সঙ্গে প্রতিবেশী খাদেমুল ইসলাম শেখ ও মোহাম্মদ হোসেন শেখসহ কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার স্বামীর ওপর হামলা চালায়।
সুমি আক্তারের দাবি, স্বামীর চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা তাকেও মারধর করে। এ সময় তার পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর তারা ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশের আচরণ ও কার্যক্রমে তারা আশানুরূপ সহযোগিতা পাননি বলে মনে করছেন। ফলে ন্যায়বিচার পাওয়া নিয়ে তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে সুমি আক্তার বলেন, “আমরা একটি সাধারণ ও নিরীহ পরিবার। হামলার শিকার হওয়ার পর আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু এখন আমরা বিচারহীনতার আশঙ্কায় ভুগছি। প্রশাসন ও বিচার বিভাগের কাছে আমাদের একটাই দাবি—ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী মো. জাকির হোসেন, তাদের শিশু কন্যা জুই আক্তার এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি অভিযোগের বিষয়ে ফরিদগঞ্জ থানার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগের বিষয়গুলো ভুক্তভোগী পরিবারের দাবি। ঘটনার সত্যতা ও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১ জুন ২০২৬