চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলের শেষ দিকে রায়পুর আঞ্চলিক মহাসড়কের কমর উদ্দিন পাটওয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃদকালিন্দিয়া থেকে ফরিদগঞ্জের দিকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও দুই আরোহীসহ সিএনজির চালক ও এক যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক শরিফ জানান, উভয় যানবাহনই বেপরোয়া গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি ধারণা করেন। পথচারী সুমনও একই অভিযোগ করেন।
আহতরা হলেন—মোটরসাইকেল চালক জাহিদ (২৫), আরোহী সাজিদ (১৬) ও ফয়সাল (১৬)। তারা গৃদকালিন্দিয়া এলাকার মন্দার বাড়ির বাসিন্দা। এছাড়া সিএনজি চালক মনির হোসেন পায়ে আঘাত পান এবং যাত্রী ফাহিম (২২) গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদ, সাজিদ, ফয়সাল ও ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পালসার মোটরসাইকেল (চাঁদপুর-ল-১১-৮৮৮৯) ও সিএনজি চালিত অটোরিকশা (চাঁদপুর-থ-১১-৬৭৯৮) উদ্ধার করে থানায় নিয়ে যান।
প্রতিবেদক: শিমুল হাছান/
১৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur