ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯১ হাজার ২৬০ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২ লাখ ১৫ হাজার ৬৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, প্রার্থী সংখ্যা বেশি হলেও অধিকাংশ কেন্দ্রে ৩ থেকে ৫ জন প্রার্থীর এজেন্ট সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ ১১৮টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ৫২টি কেন্দ্রে এগিয়ে ছিলেন। তবে মোট ভোটের হিসাব অনুযায়ী তিনি দ্বিতীয় অবস্থানে থাকায় শেষ পর্যন্ত জয় অর্জন করতে পারেননি।
ভোট গণনায় তিনি প্রাপ্ত ভোট থেকে মোট ৬৭ হাজার ৮৩৩ ভোট পান।
এছাড়া প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত ভোটারদের অংশগ্রহণে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ৬ হাজার ৬০৪ ভোট পড়ে, যার মধ্যে ধানের শীষ প্রতীকে ১ হাজার ৩২২ ভোট পায়। সবমিলিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ মোট ৬৯ হাজার ১৫৫ ভোট অর্জন করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সর্বোচ্চ সংখ্যক কেন্দ্রে এগিয়ে থাকলেও সামগ্রিক ভোটের ব্যবধানে পিছিয়ে পড়ায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর জয় নিশ্চিত হয়নি। নির্বাচনের ফলাফল ঘিরে এলাকাজুড়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান/
১৩ ফেবুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur