ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
চাঁদপুরের ফরিদগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানে রাতের আঁধারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আল-মদিনা একাডেমির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৩ বছর আগে প্রতিষ্ঠিত হয় আল-মদিনা একাডেমি। বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। কিন্তু কিছুদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানটিকে ঘিরে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল গভীর রাতে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে ঢুকে শিক্ষা উপকরণ ও আসবাবপত্র ভাঙচুর করে।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা স্কুলে আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় কুরুচিপূর্ণ মন্তব্য ও হয়রানির শিকার হচ্ছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানায়, কিছু ব্যক্তি নিয়মিতভাবে প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছে। হামলার কয়েকদিন পেরিয়ে গেলেও কাউকে আটক না করায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় বাসিন্দা আমির হোসেন বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন হামলা চালানো হলো, কারা এর সঙ্গে জড়িত-তা প্রশাসনের গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। কিন্তু চার দিন পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে এলাকাবাসী হতাশ।”
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন জানান, গত রোববার সকালে প্রতিষ্ঠানে এসে তিনি কয়েকটি শ্রেণিকক্ষের ডাস্টবিন ভাঙা এবং কিছু ডাস্টবিন নিখোঁজ দেখতে পান। পরে নিরাপত্তার স্বার্থে বিকল্প গেট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পরদিন সোমবার সকালে এসে দেখা যায়, দুর্বৃত্তরা কয়েকটি শ্রেণিকক্ষের টেবিল-বেঞ্চ ভাঙচুর করে ভেতরে ও বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রেখে গেছে।
তিনি বলেন, “ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন।”
প্রতিষ্ঠানের সভাপতি শরিফ মজুমদার বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ কারণে এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত বিচার দাবি করেছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩০ এপ্রিল ২০২৬