চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাতের আঁধারে জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আষ্টা খাজুরিয়া বাজার সড়কের কামার বাড়ির সামনে খলিলের দোকান সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গা দখল করে সেখানে অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে জানা যায়, পশ্চিম ষোলদানা হাজী বাড়ির মৃত মফিজ উদ্দিনের ছোট ছেলে আবুল কাশেমের নামে রেকর্ডভুক্ত সম্পত্তি তার বড় ভাইয়ের তিন ছেলে আজিজ, মহিউদ্দিন ও মহিন রাতের আঁধারে দখল করে নেয়। এ সময় তারা সেখানে একটি অস্থায়ী ঘর নির্মাণ করে।
খবর পেয়ে ঢাকায় অবস্থানরত আবুল কাশেম দ্রুত বাড়িতে এসে ঘটনার প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করে বলেন, বাবার মৃত্যুর পর চার ভাই ও চার বোনের মধ্যে সম্পত্তি সুষ্ঠুভাবে বণ্টন করা হয় এবং অধিকাংশ সম্পত্তি সংশ্লিষ্টদের নামে বিএস রেকর্ডভুক্ত রয়েছে। “আমার পাঁচ শতক জমি রয়েছে ওই স্থানে। আমি ঢাকায় ব্যবসার কারণে বাড়িতে কম থাকি। সেই সুযোগে আমার ভাতিজারা জোর করে জমি দখল করে ঘর নির্মাণ করেছে।”
তিনি আরও বলেন, “আমাদের পারিবারিক সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তারপরও তারা আইন উপেক্ষা করে এ দখল কার্যক্রম চালিয়েছে।”
নিজের সম্পত্তি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আজিজ, মহিউদ্দিন ও মহিন দাবি করেন, এটি তাদের দাদার সম্পত্তি। তাদের বক্তব্য, “পৈতৃক সম্পত্তির ন্যায্য বণ্টন না হওয়ায় আমরা বহুবার রাস্তার পাশের জমি পুনর্বণ্টনের দাবি জানিয়েছি। কেউ তা আমলে না নেওয়ায় আমরা দখলে নিয়েছি।”
তবে স্থানীয় বাসিন্দারা জানান, আবুল কাশেমের বাবার মৃত্যুর পর পারিবারিকভাবে সম্পত্তি ভাগ-বাটোয়ারা করা হয় এবং ওই জমি তার নামে রেকর্ডভুক্ত। হঠাৎ করে ভাতিজাদের এ দাবি সম্পূর্ণ বেআইনি বলে তারা মন্তব্য করেন।
এ ঘটনায় আবুল কাশেম আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২০ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur