ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রূপসা বাজারের সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের পাশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে— ১০টি বগি, ৩টি দামা, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি ছুরি। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কোনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি তিনি জেনেছেন; তবে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ভালোভাবে জানাতে পারবেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ/ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রূপসা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কারা এসব অস্ত্র সেখানে রেখে গেছে, তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৭ ফেব্রুয়ারি ২০২৬