ফরিদগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে নাশকতা মামলার ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা আকরাম হোসেন রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে ফরিদগঞ্জ বাজার এলাকার হাজী হোটেল’এর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আকরাম হোসেন রবিন ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী গ্রামের মিজি বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর দিকনির্দেশনায় একদল পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। প্রযুক্তিগত সহায়তায় অবস্থান শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আকরাম হোসেন রবিন গত ১৩ আগস্ট ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া নাশকতা মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আদালতে বিচারাধীন আরেকটি মামলার পরোয়ানা ভুক্ত আসামি। রবিন সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নাশকতা ও পরোয়ানাভুক্ত দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সদস্য আকরাম হোসেন রবিনকে আজ চাঁদপুরের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৪ আগস্ট ২০২৬