ফরিদগঞ্জে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না: এম এ হান্নান এমপি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হওয়ার পর আইন-শৃঙ্খলা কমিটির প্রথম মাসিক সভায় এম এ হান্নান ঘোষণা দিয়েছেন, ফরিদগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান হবে না। তিনি বলেন, “আমি রাতের ভোটে বা প্রশাসনের সহায়তায় এমপি হইনি; জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। তাই জনগণের প্রত্যাশা পূরণে ফরিদগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে বদ্ধপরিকর।”
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
এমপি এমএ হান্নান বলেন, প্রশাসন ও পুলিশকে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। “অপরাধী যদি আমি নিজে বা আমার সন্তানও হয়-কোনো ছাড় নেই। অতীতে কী হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছি না; তবে ভবিষ্যতে কোনো অন্যায়কারীর প্রতি প্রশ্রয় দেওয়া হবে না। অবৈধ তদবির চলবে না,”-জোর দিয়ে বলেন তিনি।
তিনি আরও বলেন, “আমার পরিবার বলতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তান-এর বাইরে কেউ নেই। তাই দায়িত্ব পালনে আপনারা নির্ভয়ে কাজ করুন। যদি মনে করেন দায়িত্ব পালন সম্ভব নয়, তাহলে সরে দাঁড়ান-কোনো চাপ নেই।”
উপজেলায় চিহ্নিত ৩০ থেকে ৩৫ জন মাদক ব্যবসায়ী রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এদের নির্মূল করা গেলে ফরিদগঞ্জ অনেকাংশে মাদকমুক্ত হবে। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা এ আর এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, এইচ এম হারুনুর রশিদ, শাহ আলম শেখ, বেলায়েত হোসেন, মহসিন হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম ও হুমায়ুন কবির প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৩ ফেব্রুয়ারি ২০২৬