ফরিদগঞ্জে ভোটের মাঠে ত্রিমুখী লড়াইয়ের আভাস
রাত পোহালেই ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তে এসে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ভোটের মাঠে চড়ছে উত্তাপ ও কৌতূহল। গ্রামগঞ্জের চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে পথঘাট—সবখানেই এখন একটাই আলোচনা, কে হচ্ছেন আগামী দিনের সংসদ সদস্য? কাকে ভোট দিলে হবে উন্নয়ন। এ নিয়ে ভোটারদের মাঝে কৌতুহল। আবার কেউ কেউ বলছেন ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। পছন্দ ও প্রতিক দেখেই ভোট দিব। তবে নিরব ভোট সমিকরন পরিবর্তন করে দিতে পারে বলে মনে করছেন।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অবিরত ভোট গ্রহণ চলবে। কোথায়ও কোন সহিংসতা ঘটলেই কঠোর ব্যবস্থা নেবেন মোবাইল কোর্ট। এই ভোট কেন্দ্র করে দ্রুত সময়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের জন্য তৈরি করা হয়েছে সুরক্ষা অ্যাপস। কোন ঘটনা ঘটলেই তাৎক্ষণিক মোবাইল টিম পৌঁছে যাবে।
প্রতীক বরাদ্দের পর বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা ও তাদের সমর্থকরা। তবে প্রচারণার শুরু থেকেই বিভিন্ন সহিংসতা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, অফিস ভাঙচুর, সমর্থকদের ওপর হামলা এবং কম্বল বিতরণ পাল্টা পাল্টি মামলাসহ নানা ঘটনায় উত্তাল হয়ে ওঠেছিল নির্বাচনী মাঠ।
এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা—মূল লড়াই সীমাবদ্ধ থাকবে তিন প্রার্থীর মধ্যেই। বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের আলহাজ্ব এম. এ. হান্নান এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজীকে ঘিরেই জমে উঠেছে ভোটের সমীকরণ।
এক নির্বাচনী সভায় বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, নির্বাচিত হলে তিনি ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীদের মাসিক আর্থিক সহায়তা, কৃষকদের জন্য বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ, স্বাস্থ্যসেবা কার্ড এবং ইউনিয়নভিত্তিক প্রাথমিক চিকিৎসা সেবা চালুর উদ্যোগ নেবেন।
স্বতন্ত্র প্রার্থী এম. এ. হান্নান বলেন, “৩৫ বছর ধরে এলাকার মানুষের পাশে আছি। উন্নয়ন করেছি। আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও সমর্থকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে বিজয়ী করবে—এই বিশ্বাস আছে।”
জামায়াতে ইসলামী প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী অভিযোগ করেন, তার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, “আমাদের পোস্টার বা ছবি ছিঁড়তে পারে, কিন্তু জনগণের ভালোবাসা কেউ ছিঁড়তে পারবে না। আমরা জাতিকে আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তুলতে চাই।”
পোস্টারবিহীন নির্বাচনে ফিকে জৌলুস এবারই প্রথমবারের মতো পোস্টারবিহীন জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় প্রচারণার চিরচেনা আমেজ কিছুটা কম বলে মনে করছেন ভোটাররা। অটোরিকশাচালক রিপন মিয়া বলেন, “পোস্টার ছাড়া নির্বাচন কেমন যেন ফ্যাকাসে লাগছে। কে প্রার্থী—অনেক সময় বুঝতেই পারছি না।”
পরিবেশ ও প্রযুক্তিগত নিরাপত্তার স্বার্থে প্রচারণায় ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।
সব মিলিয়ে শেষ সময়ে এসে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী মাঠ উত্তপ্ত ও প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। এখন ভোটের দিনের অপেক্ষায় প্রার্থী-সমর্থক ও সাধারণ ভোটাররা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশাসন নির্বাচনে অংশগ্রহণ করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে গণভোট ২০২৬ নিয়ে দিক নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১১ ফেব্রুয়ারি ২০২৬