চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকালে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদগঞ্জ থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপি নেতা এম.এম. টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস ছবুর রুবেল, বিএনপি নেতা মানিক পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, তারেক পাটওয়ারী এবং ছাত্রদল নেতা আশিকুর রহমান।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং দায়েরকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে গত ৩১ মে বিকালে ফরিদগঞ্জে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত স্বতন্ত্র সংসদ সদস্য এম.এ. হান্নানের সমর্থক মেহেদী হাসান রনি বাদী হয়ে উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী পক্ষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাজু পাটওয়ারীকে প্রধান আসামি করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বিএনপি নেতারা ওই মামলাকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসামূলক’ দাবি করে তা প্রত্যাহারের জোর দাবি জানান।
প্রতিবেদক: শিমুল হাছান/
৮ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur