ফরিদগঞ্জে প্রচারণার শেষ দিনে দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল গণমিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে চাঁদপুরের ফরিদগঞ্জে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী জোটের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মাগরিবের পর ফরিদগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।

চাঁদপুর জেলা জামায়াতের আমির ও ফরিদগঞ্জ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজীর সমর্থনে আয়োজিত এ গণমিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফরিদগঞ্জ পৌরসভা এলাকা।

গণমিছিল ঘিরে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় জনসমাগমের ঢল।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ফরিদগঞ্জের মানুষ ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং অবহেলিত ফরিদগঞ্জকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে চাইলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, একটি আধুনিক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি ফজরের পর সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটের মাধ্যমে নিজেদের রায় প্রদানের আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশিদ, ফখরুল ইসলাম, শাহাদাত হোসেন, উপজেলা আমির মাওলানা ইউনুস, উপজেলা সেক্রেটারি শাখায়াত হোসেন, পৌর আমির মিজানুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল হাজার হাজার নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান,
৯ ফেব্রুয়ারি ২০২৬