ফরিদগঞ্জে ধানের শীষ তথা বিএনপিকে হারানো হয়েছে: লায়ন হারুনুর রশিদ

চাঁদপুরের ফরিদগঞ্জে ধানের শীষ প্রতীক তথা বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ও সদ্য ধানের শীষ প্রতীকের পরাজিত লায়ন মো. হারুনুর রশিদ। তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি হয়েছে এবং দলের ভেতরে যারা বেঈমানি করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইফতারের পূর্ব মুহূর্তে ফরিদগঞ্জ উপজেলা সদরের মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লায়ন হারুনুর রশিদ বলেন, “ফরিদগঞ্জে ধানের শীষকে হারিয়ে দেওয়া হয়েছে। কে কীভাবে ভূমিকা রেখেছে, তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

যারা নির্বাচনের আগে নিজের কেন্দ্রে ধানের শীষের বিজয় নিশ্চিত করার বড় বড় কথা বলেছেন কিন্তু তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন, তারাও চিহ্নিত। দলের সঙ্গে যারা মুনাফেকি ও বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমান-এর নেতৃত্বাধীন বিএনপির কোনো কর্মীর গায়ে হাত দিলে তাকে ফরিদগঞ্জে থাকতে দেওয়া হবে না। এতদিন আমরা সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না।”

দল পুনর্গঠনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “ফরিদগঞ্জে বিএনপিকে নতুনভাবে সাজানো হবে। যারা ব্যর্থ হয়েছেন, তাদের পরিবর্তে ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের নিয়েই আগামীর পথচলা শুরু হবে। দলের প্রতি যারা বিশ্বাস ভঙ্গ করেছে, তাদের বিএনপিতে কোনো স্থান হবে না।”

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মজিবুর রহমান দুলাল এবং ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লায়ন মো. আল আমিন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির বিল্লাল হোসেন কোম্পানি, যুবদল নেতা সোহেল খান, মজিবুর রহমান রাড়ি, টুটুল পাটওয়ারী, হাবিবুর রহমান রুবেল, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমেদ, আব্দুর ছবুর রুবেল পাটওয়ারী, শাওন পাঠানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৮ ফেব্রুয়ারি ২০২৬