Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ধানক্ষেত থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার, চাষী গ্রেফতার

ফরিদগঞ্জে ধানক্ষেত থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার, চাষী গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধানক্ষেতের জমি থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা রাত আনুমানিক ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে ওসি (তদন্ত) এমদাদুল হকের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, হুমায়ূন কবির, এএসআই জুনায়েদ জুয়েলসহ সঙ্গীয় ফোর্স উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা মিজি বাড়ি এলাকায় অভিযান চালান।

অভিযানে বিল্লাল মিজি (৪২) নামে এক ব্যক্তির ধানক্ষেতের জমির আইল থেকে ২৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মুকলুছুর রহমান মিজির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা চাষি বাংলা মাঘ মাসে ধান রোপণের সময় ধানক্ষেতের আইলে গাঁজার বীজ বপন করেন বিল্লাল মিজি। পরবর্তীতে গাছগুলো বড় হলে গোপনে পরিচর্যা চালিয়ে আসছিলেন তিনি।

থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ একজন চাষিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।”

প্রতিবেদক: শিমুল হাছান,
২৯ মার্চ ২০২৬