ফরিদগঞ্জে দু’হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তাঁর মা ছেমন খাতুন (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হুমায়ুন কবির-, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদুল হক ও  জুমায়েত হোসেন জুয়েল ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটক মা-ছেলের দেহ তল্লাশি করে মোট দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে ফরিদগঞ্জসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে হাতেনাতে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
২৪ আগস্ট ২০২৬