ফরিদগঞ্জে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রি, জরিমানা ২০ হাজার টাকা
চাঁদপুরের ফরিদগঞ্জে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘বন্ধন ট্রেডার্স’-এর মালিক নুরুল আমিন গাজী দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করে আসছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান বলেন, “কোনোভাবেই জ্বালানি তেলের অবৈধ মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি সহ্য করা হবে না। যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
৩১ মার্চ ২০২৬